ক্যারিয়ারের শুরুর দিকে এক শুটিংয়ে বিপাকে পড়েছিলেন তরুণ অভিনেতা আরশ খান। শুটিংয়ের জন্য বাসা থেকে যে পোশাক নিয়ে গিয়েছিলেন, তার কোনোটাই পরিচালকের পছন্দ হয়নি। সেদিন তাঁর পাশে দাঁড়িয়েছিলেন সহকর্মী তৌসিফ মাহবুব। সম্প্রতি এক পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে সেই ঘটনার স্মৃতিচারণ করেছেন আরশ।
আরশ জানান, তাঁর দ্বিতীয় কাজটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন তৌসিফ মাহবুব। দ্বিতীয় প্রধান চরিত্রে ছিলেন তিনি নিজে। সেই কাজে আরও অভিনয় করেছিলেন সাফা কবির। একদম নতুন অবস্থায় শুটিংয়ে গিয়ে পোশাক নিয়ে সমস্যায় পড়েন আরশ। ক্যামেরার সামনে আনা পোশাকগুলো ভালো দেখাচ্ছিল না।
বিষয়টি বুঝতে পেরে তৌসিফ নিজে বাসায় গিয়ে আরশের জন্য বেশ কয়েকটি পোশাক নিয়ে আসেন। সেদিন আরশ যে পাঞ্জাবি, স্যুট ও শার্ট পরেছিলেন, সেগুলো সবই ছিল তৌসিফের। সহকর্মীর এই সহযোগিতা আজও ভুলতে পারেননি আরশ।
তবে সেদিন তৌসিফকে ধন্যবাদ জানানো হয়নি বলে জানান আরশ। তাঁর মনে হয়েছিল, তখন কৃতজ্ঞতা প্রকাশ করলে তৌসিফের জীবনে নিজের জন্য আলাদা জায়গা তৈরি করার চেষ্টা করছেন, এমন ধারণা তৈরি হতে পারে। সময়ের সঙ্গে সেই ভাবনায় পরিবর্তন এসেছে। এখন আরশ মনে করেন, ক্যারিয়ারের শুরুর দিকে পাওয়া সহযোগিতার জন্য তৌসিফকে ধন্যবাদ জানানো উচিত ছিল। সেই উপলব্ধি থেকেই এত দিন পর সহকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
