টাঙ্গাইল শহরের পৈতৃক বাড়িতে চুরির ঘটনার মুখে পড়েছেন বরেণ্য নাট্যকার ও অভিনেতা মামুনুর রশীদের পরিবার। বাড়ির ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে আলমারি ও ওয়ারড্রোবের জিনিসপত্র তছনছ করে গেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এই ঘটনায় টাঙ্গাইল সদর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটে গত শনিবার, ১০ অক্টোবর বিকেলে। টাঙ্গাইল শহরের ময়মনসিংহ সড়কের পলাশতলী এলাকায় অবস্থিত ওই পৈতৃক বাড়ির বসতঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। তারা বিভিন্ন কক্ষে থাকা তিনটি স্টিলের আলমারি ও একটি কাঠের ওয়ারড্রোব ভেঙে ভেতরের সব মালামাল এলোমেলো করে ফেলে।
ওই বাড়িতে বসবাস করেন মামুনুর রশীদের বোন আফিয়া খান, যিনি রোজি নামেও পরিচিত। ঘটনার দিন তিনি ঢাকায় ছিলেন। ঢাকায় যাওয়ার আগে বাড়িটি দেখাশোনার দায়িত্ব তিনি পূর্বপরিচিত শফিকুর রহমানের হাতে দিয়ে গিয়েছিলেন। শফিকুর রহমান আফিয়া খানের আরেক ভাইয়ের প্রতিষ্ঠানে কর্মরত।
আফিয়া খান জানিয়েছেন, শনিবার সকাল নয়টার দিকে শফিকুর রহমান বাসা থেকে বের হন। তখন সবকিছু ঠিকঠাক ছিল। বিকেল তিনটার দিকে ফিরে এসে তিনি দেখতে পান ঘরের গ্রিলের তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখা যায় বিভিন্ন কক্ষের স্টিলের আলমারি ও ওয়ারড্রোবের পাল্লা খোলা, আর ভেতরের জিনিসপত্র মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে আছে।
আফিয়া খানের ভাষ্য অনুযায়ী, যে আলমারি ও ওয়ারড্রোবের জিনিসপত্র তছনছ করা হয়েছে, সেগুলোতে তাঁদের নয় ভাইবোনের মূল্যবান জিনিসপত্র ছিল। তিনি ঢাকায় অবস্থান করায় এবং অন্য ভাইবোনেরা অনুপস্থিত থাকায় ঠিক কী কী জিনিস খোয়া গেছে, তা এখনো বোঝা যাচ্ছে না।
মামুনুর রশীদ জানিয়েছেন, বাড়ির ঘরের তালা ভেঙে ঢুকে আলমারির জিনিসপত্র তছনছ করার খবরটি তিনি তাঁর ভাইবোনদের মাধ্যমে জানতে পেরেছেন। এ ঘটনায় রোববার, ১১ অক্টোবর বিকেলে টাঙ্গাইল সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তাঁর বোন আফিয়া খান।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ভিক্টর ব্যাণার্জি জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা জানা যাবে বলে আশা করা হচ্ছে।
