বলিউডের সবচেয়ে চর্চিত প্রেমকাহিনিগুলোর একটি সালমান খান ও ঐশ্বরিয়া রাই বচ্চনের সম্পর্ক। দুই দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও এই অধ্যায় নিয়ে কৌতূহলের শেষ নেই। এবার নতুন করে আলোচনায় এলেন ঐশ্বরিয়া, তাঁর একটি পুরনো সাক্ষাৎকারের ভিডিও ঘিরে। সেখানে তিনি ব্যাখ্যা দিয়েছিলেন, কেন সালমানের সঙ্গে বিচ্ছেদের প্রসঙ্গটি তিনি কখনো প্রকাশ্যে তুলতে চাননি।
২০১২ সালে সিমি গারেওয়ালের অনুষ্ঠান রঁদেভুতে একক সাক্ষাৎকারে হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া। সিমি তাঁকে জিজ্ঞেস করেন, সালমান-অধ্যায়ের দিকে কি তিনি নির্মোহভাবে ফিরে তাকাতে পারেন? জবাবে ঐশ্বরিয়া বলেন, তিনি সেই অধ্যায় বন্ধ করে দিয়েছেন, কোনোভাবেই, বিশেষ করে কোনো প্রকাশ্য মঞ্চে, সেদিকে ফিরে তাকাতে চান না।
নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে ঐশ্বরিয়া বলেছিলেন, তিনি তাঁর ভেতরের অশান্তিকে দূর করে ফেলেছেন। এটা অতীতের বিষয়, অতীতেই থাকা উচিত। সিমি যখন জানতে চান, অতীত হলে প্রকাশ্যে বলতে আপত্তি কেন, তখন ঐশ্বরিয়া জানান, তিনি একা নন। তাঁর সঙ্গে রয়েছেন পরিবার, প্রিয়জনেরা। তাই স্বাভাবিকভাবেই একটি দেয়াল রয়েছে।
ঐশ্বরিয়ার ভাষায়, তিনি যখন কাউকে কূটনীতিক বা সতর্ক বলে মনে করেন, তখন সেটা শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্যও। তিনি একজন পাবলিক ফিগার হলেও ভুলে যাননি যে তিনি একজন সাধারণ মেয়ে, অনুভূতিসম্পন্ন মানুষ। যাদের নিয়ে কথা বলবেন, তারাও সাধারণ মানুষ, তাদেরও পরিবার আছে, প্রিয়জন আছে।
এই সাক্ষাৎকারের ভিডিও নতুন করে ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। অনেকেই ঐশ্বরিয়ার এই পরিণত ও সংযত অবস্থানের প্রশংসা করেছেন। কারও মতে, ব্যক্তিগত জীবনের কঠিন অধ্যায়কে এভাবে সামলে নেওয়াই প্রকৃত শক্তি।
উল্লেখ্য, হাম দিল দে চুকে সনম সিনেমায় একসঙ্গে অভিনয়ের সময় তাদের সম্পর্কের সূত্রপাত। সেই জুটি একসময় ছিল বলিউডের সবচেয়ে আলোচিত জুটি। পরে দুজনের পথ আলাদা হয়ে যায়। ঐশ্বরিয়া এখন অভিষেক বচ্চনের সঙ্গে সংসার করছেন, সালমান এখনো অবিবাহিত। দুজনের কেউই আর কখনো একসঙ্গে পর্দায় ফেরেননি।
বিনোদন দুনিয়ায় তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা থামে না। কিন্তু ঐশ্বরিয়ার এই পুরনো সাক্ষাৎকার মনে করিয়ে দেয়, কিছু অধ্যায় অতীতে রেখে দেওয়াই অনেক সময় সবচেয়ে বুদ্ধিমানের কাজ।
