বলিউডের 'ভাইজান' সালমান খানকে নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। পর্দার বাইরে তাঁর ব্যক্তিগত জীবন সবসময়ই আলোচনার কেন্দ্রে। এবার সেই ব্যক্তিগত জীবন নিয়েই খোলামেলা কথা বলেছেন সালমান। করণ জোহরের 'কফি উইথ করণ'-এর নবম সিজনের প্রথম পর্বে অতিথি হয়ে এসে নিজের বাবা হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। অনুষ্ঠানে তাঁকে প্রশ্ন করা হয়, নিজের সন্তান না থাকার অভাব তিনি অনুভব করেন কিনা। উত্তরে সালমান জানান, তিনি নিজের সন্তান চান।
জানা গেছে, বুধবার (১৪ অক্টোবর) জিওহটস্টারে দেখা যাচ্ছে 'কফি উইথ করণ' অনুষ্ঠানটি। তার আগে সোমবার প্রকাশ্যে আসে অনুষ্ঠানটির প্রচারের নতুন ঝলক। সালমান ও করণের কথোপকথনের আভাস পেতেই সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনসহ ভক্ত-অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। নতুন এই ঝলকে দেখা গেছে সালমান খানকে সামনে পেয়ে বেশ মজার মেজাজে পরিচালক।
ভাইজান নাকি পরিবারের গুরুত্ব ও মানসিক নির্ভরতা এবং জীবনে সঙ্গীর প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেছেন এই পর্বে। জীবনের এই পর্যায়ে এসে সন্তানের অভাব অনুভব করার কথা স্বীকার করেছেন তিনি। বলিউডের সবচেয়ে ব্যাচেলর তারকা হিসেবে পরিচিত সালমানের মুখে এমন স্বীকারোক্তি ভক্তদের কাছে আবেগের। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিলেও ব্যক্তিগত জীবনে সংসার পাতেননি তিনি।
'কফি উইথ করণ'-এর নতুন সিজনের প্রচার ঝলকে দেখা আরও কয়েকটি বিষয় নিয়েও আলোচনা চলছে। সেখানে ভাইজানকে বলতে শোনা যায়, 'কফি উইথ করণ'-এর পর হবে 'কফি উইথ সালমান'। তাঁর কথা শুনে হেসে ওঠেন পরিচালক করণ জোহর। এর পরেই সালমান খানকে একটি ব্যক্তিগত প্রশ্ন করেন করণ। তিনি জিজ্ঞাসা করেন, 'আপনি কি এখনো কুমার?' প্রশ্ন শুনে মজার ছলেই অভিনেতা জবাব দেন, 'সংযত হও ভাই, সংযত হও।'
দুজনের কথোপকথনে হাসি-ঠাট্টার পাশাপাশি উঠে আসে পুরোনো দিনের প্রসঙ্গও। আগের এক সিজনে সালমান বলেছিলেন, তিনি এখনো কুমার। কুমারত্ব হারাননি তিনি। সেই পুরোনো বিষয় নিয়ে হাসাহাসি হলেও করণ জোহর জানান, আগের তুলনায় সালমান এখন অনেক বেশি শান্ত ও সংযত। সেই মন্তব্যের উত্তরে অভিনেতা বলেন, 'এতদিন অন্যদের যে পরামর্শ দিয়ে এসেছি, এবার নিজের সেই পরামর্শ মেনে চলার সময় এসেছে।'
সালমান খানের ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের কৌতূহল নতুন নয়। দীর্ঘদিন ধরেই রোমানীয় গায়িকা ও অভিনেত্রী ইউলিয়া বান্তুরের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে নানা জল্পনা রয়েছে। পরিবারের বিভিন্ন অনুষ্ঠান ও একাধিক জায়গায় তাঁদের একসঙ্গে উপস্থিতি ঘিরে সম্পর্কের গুঞ্জনও ছড়িয়েছে। তবে নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে স্পষ্ট করে কিছু জানাননি দুজনের কেউই।
উল্লেখ্য, এটি 'কফি উইথ করণ'-এর নবম সিজন। এই সিজনের প্রথম পর্বে করণের অতিথি সালমান খান। এটিই হতে চলেছে জনপ্রিয় এই অনুষ্ঠানের অন্তিম সিজন। এর মাধ্যমে 'কফি উইথ করণ'-এর প্রায় ২২ বছরের যাত্রায় ইতি পড়তে চলেছে। শেষ সিজনের শুরুতেই সালমানের এমন ব্যক্তিগত স্বীকারোক্তি অনুষ্ঠানটিকে স্মরণীয় করে তুলবে বলেই মনে করছেন দর্শকরা।
