বিনোদন ঝলক
সিনেমা

‘মাতৃভূমি’ নিয়ে বিতর্ক, চীনের সমালোচনা কাটা পড়েছে বলে দাবি ধ্রুব রাঠির

বিনোদন ঝলক ডেস্ক১৪ অক্টোবর ২০২৬2 মিনিটে পড়ুন
‘মাতৃভূমি’ নিয়ে বিতর্ক, চীনের সমালোচনা কাটা পড়েছে বলে দাবি ধ্রুব রাঠির

সালমান খানের যুদ্ধের সিনেমা নিয়ে বিতর্ক থামছে না। ২০২০ সালে ভারত ও চীনের সেনার মধ্যকার গালওয়ান সংঘর্ষের প্রেক্ষাপটে তৈরি এই ছবি ঘিরে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। সিনেমাটির নাম ছিল ‘ব্যাটল অফ গালওয়ান’। পরে নাম বদলে রাখা হয় ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’।

শুরুতে সংশ্লিষ্টরা জানিয়েছিল, এই ভারতীয় সিনেমায় চীনকে উড়িয়ে দেওয়ার মতো বিষয় দেখানো হবে। সিনেমাটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সালমান খান। কিন্তু ছবিটি নিয়ে ভারত সরকারের পক্ষ থেকে বেশ চাপ পড়েছিল বলে জানা গেছে। এ নিয়ে বিতর্ক কম হয়নি।

সম্প্রতি জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠী এক সংবাদ সম্মেলনে দাবি করেন, চীনের সমালোচনা রয়েছে এমন কিছু দৃশ্য বাদ দিতে বাধ্য করা হয়েছে এবং ছবিটির নতুন করে চিত্রায়ন করা হয়েছে। তার অভিযোগ, চীনের সঙ্গে সম্পর্কের অবনতির আশঙ্কায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

জার্মানি প্রবাসী ধ্রুব রাঠী সম্প্রতি ভারতে এসে একটি প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার পূর্বে আটকের শিকার হন। এরপর আয়োজিত ওই সংবাদ সম্মেলনে তিনি বিভিন্ন সমসাময়িক বিষয়ের পাশাপাশি সালমান খানের ছবি নিয়ে এই মন্তব্য করেন।

এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির ছাড়পত্র পেয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ছবির সংশোধিত সংস্করণে ভারত-চীন সম্পর্ককে তুলনামূলক ইতিবাচকভাবে তুলে ধরা হয়েছে এবং আগামী ১৩ নভেম্বর সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে বলে গুঞ্জন রয়েছে। মুক্তির তারিখটি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

মূলত ‘ব্যাটল অফ গালওয়ান’ নামে এই সিনেমার কাজ শুরু হয়েছিল। সে সময় গালওয়ান সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনার মৃত্যুর ঘটনা ঘিরে চীনের সরকারি মহলেও আপত্তি উঠেছিল। পরবর্তীতে ছবির নাম পরিবর্তন করে ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ রাখা হয়।

পরিচালক অপূর্ব লাখিয়া এর আগে জানিয়েছিলেন, এই সিনেমায় শুধু যুদ্ধের গল্প নয়, এর সাথে মানবিকতা ও সেনাদের আত্মত্যাগের বিষয়টিও জড়িত। তার এই বক্তব্য থেকে বোঝা যায়, নির্মাতারা ছবিটিকে কেবল যুদ্ধের উত্তেজনার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাননি।

এখন প্রশ্ন একটাই, সংশোধিত সংস্করণে ছবিটি তার আসল ধার কতটা ধরে রাখতে পারবে। মুক্তির তারিখ আর চূড়ান্ত সংস্করণ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণার দিকে তাকিয়ে আছেন দর্শক।

সূত্র

ফেসবুকে শেয়ার এক্সে শেয়ার হোয়াটসঅ্যাপে শেয়ার