৩৯ বছর আগের সেই পরিচিত পোশাক, শার্ট, প্যান্ট আর জ্যাকেট। যত্নে সংরক্ষণ করে রাখা সেই লুকেই আবার হাজির হলেন বলিউড অভিনেতা অনিল কাপুর। তাঁর নতুন টেলিভিশন শো 'ইন্ডিয়া কে টপ ১%: দ্য অনিল কাপুর শো'-এর এক পর্বে ১৯৮৭ সালের 'মিস্টার ইন্ডিয়া' সিনেমার সেই পোশাক পরে আসেন তিনি, আর তাতেই ফিরে আসে পুরনো দিনের নস্টালজিয়া।
অনুষ্ঠানে অনিল জানান, ৩৯ বছর পরও শার্ট, প্যান্ট ও জ্যাকেট তাঁর গায়ে ঠিকঠাক বসেছে। মজা করে অভিনেতা বলেন, 'শার্ট এখনো আমার গায়ে ঠিক হয়, প্যান্টও ঠিক হয়, জ্যাকেটও ঠিক হয়। ৩৯ বছর পরও সবকিছু ঠিকঠাক!'
অনুষ্ঠানের আয়োজকেরা চেয়েছিলেন 'মিস্টার ইন্ডিয়া'র আসল পোশাকটি ফিরিয়ে আনতে। তখন অনিল তাঁদের জানান, পোশাকটি এত বছর ধরে তিনি নিজের কাছেই সংরক্ষণ করে রেখেছেন। জ্যাকেটটির পেছনে আছে মজার একটা গল্পও। সিনেমার সেই পরিচিত জ্যাকেট তিনি কিনেছিলেন মুম্বাইয়ের চোর বাজার থেকে।
পোশাকের পাশাপাশি চুলের সাজেও রেখেছেন পুরনো দিনের ছাপ। সিনেমায় যেমন লম্বা চুল ছিল, এখনো সেভাবেই চুল বড় করেছেন তিনি। ফলে পোশাকের সঙ্গে চুলের সাজও মানিয়ে গেছে বলে জানান অনিল।
শেখর কাপুর পরিচালিত 'মিস্টার ইন্ডিয়া' মুক্তি পায় ১৯৮৭ সালে। অনিল কাপুরের সঙ্গে এতে অভিনয় করেন শ্রীদেবী ও অমরীশ পুরী। বিশেষ এক যন্ত্রের সাহায্যে অদৃশ্য হওয়ার ক্ষমতা পাওয়া অরুণ ভার্মাকে ঘিরে তৈরি হয়েছিল সিনেমার গল্প। গান, সংলাপ ও স্মরণীয় চরিত্রের কারণে ছবিটি হিন্দি সিনেমার পরিচিত কাজগুলোর একটি হয়ে আছে। অমরীশ পুরীর 'মোগাম্বো খুশ হুয়া' সংলাপটি এখনো দর্শকদের মনে জায়গা করে আছে।
অনুষ্ঠানের বিশেষ পর্বে দেশ ও সমাজের জন্য নিঃস্বার্থভাবে কাজ করা মানুষদের তুলে ধরা হয়েছে। এ প্রসঙ্গে অনিল বলেন, এই সিনেমা থেকে শেখার আছে একটাই কথা, সবাই মিস্টার ইন্ডিয়া হতে পারেন। তাঁর মতে, যাঁরা কোনো পুরস্কার বা স্বীকৃতির আশা না করে দেশের সেবা করেন, দায়িত্ববোধ থেকে মানুষের জন্য কাজ করেন, তাঁরাও একেকজন 'মিস্টার ইন্ডিয়া'।
