স্কুলজীবনে প্রিয় নায়কের সঙ্গে দেখা হওয়ার স্মৃতি আজও ভুলতে পারেননি অভিনেত্রী ও নৃত্যশিল্পী মেহবুবা মাহনূর চাঁদনী। সম্প্রতি সালমান খানের সঙ্গে দুটি ছবি প্রকাশ করেছেন তিনি। সেই সঙ্গে ভাগাভাগি করেছেন বহু বছর আগের সেই দেখা হওয়ার মজার গল্প। শৈশব থেকেই সালমান খানের ভক্ত ছিলেন চাঁদনী। প্রিয় তারকার ছবি ঘরের দরজায় কিংবা পড়ার টেবিলের সামনে টাঙিয়ে রাখতেন তিনি।
চাঁদনী জানান, ১৯৮৯ সালে মুক্তি পাওয়া সালমান খানের সিনেমা ম্যায়নে প্যার কিয়া দেখেই তাঁর প্রতি ভালো লাগা তৈরি হয়েছিল। সেই ভালো লাগা থেকেই একসময় প্রিয় তারকার সঙ্গে দেখা করার সুযোগ খুঁজেছিলেন তিনি। ১৯৯৭-৯৮ সালের দিকে বাংলাদেশে একটি অনুষ্ঠানে আসার কথা ছিল সালমানের। খবরটি শুনেই অনুষ্ঠানের টিকিট কেটেছিলেন চাঁদনী। কিন্তু পরে জানতে পারেন, কোনো একটি কারণে অনুষ্ঠানটি আর হচ্ছে না। এতে ভীষণ মন খারাপ হয়েছিল তাঁর।
এরপর প্রিয় নায়কের সঙ্গে দেখা করার সুযোগ খুঁজতে থাকেন চাঁদনী। একপর্যায়ে জানতে পারেন, সালমান খান বাংলাদেশে এসেছেন এবং শেরাটন হোটেলে অবস্থান করছেন। বর্তমানে হোটেলটির নাম ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। সঙ্গে মা, বান্ধবী সাদিয়া ইসলাম ও ফটোগ্রাফার মহসিনকে নিয়ে হোটেলে চলে যান চাঁদনী। প্রথমে দেখা করার সুযোগ না পেলেও পরে নানা উপায়ে সেই সুযোগ তৈরি করেন। একপর্যায়ে সালমানের কক্ষের ঠিকানা পেয়ে যান তাঁরা।
অনুমতি নিয়ে সালমানের পাশে গিয়ে দাঁড়ান চাঁদনী। তখন স্কুলে পড়তেন তিনি। সালমানের কাছে নিজের নাম ও পরিচয় তুলে ধরে ছবি তোলার কথা জানান। সালমান তাঁর নাম জিজ্ঞেস করেন এবং অটোগ্রাফে তাঁর নাম লিখে দেন। পুরো সময়টা প্রিয় তারকার হাত ধরে ছিলেন চাঁদনী। বাড়ি ফিরে সাত দিন সেই হাত ধোননি তিনি। নিজেই হেসে এই ঘটনাকে কিশোর মনের পাগলামি বলে বর্ণনা করেছেন চাঁদনী।
