বলিউডের দুই বড় তারকাকে একসময় চিনতেনই না মাধুরী দীক্ষিতের স্বামী শ্রীরাম নেনে। ১৯৯৯ সালে বিয়ের অনুষ্ঠানে শাহরুখ খান আর সালমান খানকে দেখেও চিনতে পারেননি তিনি। সম্প্রতি এক ঘরোয়া আড্ডায় সেই পুরোনো গল্প মনে করলেন এই চিকিৎসক। গল্পটি এখন ভক্তদের মধ্যে নতুন করে আলোচনায় এসেছে।
এই আড্ডার উপলক্ষ ছিল নির্মাতা ও কোরিওগ্রাফার ফারাহ খানের মাধুরী আর নেনের মুম্বাইয়ের বাড়িতে আসা। ফারাহ তাঁর কুকিং ভ্লগের জন্য সেখানে গিয়েছিলেন। পুরোনো দিনের কথা মনে করতে গিয়ে সেখানেই উঠে আসে বিয়ের অনুষ্ঠানের এই মজার ঘটনা।
নেনে জানিয়েছেন, বিয়ের অনুষ্ঠানে তিনি শুধু অমিতাভ বচ্চনকে চিনতে পেরেছিলেন। এর কারণ, তিনি ‘অমর আকবর অ্যান্থনি’ সিনেমাটি দেখেছিলেন। শাহরুখ আর সালমানকে তখন তিনি চিনতেন না। বলিউডের দুই সুপারস্টারের সামনে দাঁড়িয়েও তাঁদের চিনতে না পারার এই গল্প শুনে আড্ডায় হাসির রোল ওঠে।
এর পেছনে কারণও ছিল। নেনে যুক্তরাষ্ট্রে বড় হয়েছেন, থাকতেন লস অ্যাঞ্জেলেসে। তখন তিনি হিন্দি সিনেমা দেখতেন না, হিন্দি ভাষাটাও জানতেন না। তাঁর আগ্রহের জগৎ ছিল হলিউড। স্পিলবার্গ, লুকাস আর স্টার ওয়ার্সের মতো নাম আর সিনেমাই ছিল তাঁর পছন্দের তালিকায়।
ভালোবাসার গল্পটাও কম মজার নয়। নেনে জানিয়েছেন, তাঁরা প্রায় তিন মাস একসঙ্গে সময় কাটানোর পর তিনি মাধুরীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। ১৯৯৯ সালের ১৭ অক্টোবর বিয়ে হয় তাঁদের।
মাধুরী তখন বলিউডের শীর্ষ নায়িকাদের একজন। বিয়ের পর তিনি যুক্তরাষ্ট্রে সংসার পাতেন, কিছুদিন অভিনয় থেকে বিরতিও নেন। পরে আবার পর্দায় ফিরেছেন তিনি। নেনে পেশায় হৃদরোগ বিশেষজ্ঞ। তাঁদের দুই ছেলে আরিন আর রায়ান।
দুই ভিন্ন জগতের মানুষের এই মিলনের গল্পই ভক্তদের এত ভালো লেগেছে। একজন যখন বলিউডের সবচেয়ে পরিচিত মুখগুলোর একজন, অন্যজন তখন সেই জগতের খবরই রাখতেন না। এত বছর পরেও এই গল্প যে ভক্তদের হাসায় আর মুগ্ধ করে, সেটাই এর আসল মজা।
