বুধবার (১৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক পোস্টে জন্মদিন নিয়ে নিজের অনুভূতির কথা জানালেন অভিনেত্রী সোহানা সাবা। জন্মদিন তাঁর কাছে বছরের সবচেয়ে প্রিয় দিন, তবে এই দিনেই জীবন থেকে আরও একটি বছর চলে যাওয়ার বিষণ্ণতাও তাঁকে ছুঁয়ে যায়।
নিজের পোস্টে সাবা লিখেছেন, "জন্মদিনে তার মন এমনিতেই ভালো থাকে। মনে হয়, এই দিনেই পৃথিবীতে এসেছিলেন তিনি, দিনটি শুধুই তার।" জীবনের বিভিন্ন সময়ে জন্মদিনকে তিনি ভিন্ন ভিন্নভাবে দেখেছেন। এমন সময়ও গেছে, যখন অশান্তির কারণে নিজেকে সবার কাছ থেকে আড়াল করে রাখতেন, যেন কেউ তাঁকে শুভেচ্ছা জানাতে না পারে।
ধীরে ধীরে সেই অনুভূতি বদলে গেছে। একসময় মানুষের শুভেচ্ছা, প্রশংসা আর ভালোবাসা উপভোগ করতে শুরু করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে সবার সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়াটাও তাঁর কাছে ভালো লাগতে থাকে।
তবে দুই বছর আগের জন্মদিনের অভিজ্ঞতা ছিল একেবারে অন্যরকম। সাবার ভাষ্য অনুযায়ী, নিজের বিশ্বাস, নীতিবোধ, মুক্তিযুদ্ধের পক্ষে স্পষ্ট অবস্থান এবং দেশের পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে কথা বলার কারণে সেবার পরিচিত অনেকের শুভেচ্ছা ও ভালোবাসা কমে গিয়েছিল। তাঁর মনে হয়েছে, কেউ কেউ তাঁর সঙ্গে পরিচয়ের বিষয়টি প্রকাশ করতেও অস্বস্তি বোধ করছিলেন।
সেই কঠিন সময়ে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন দেশের নানা প্রান্তের অপরিচিত মানুষ। যাঁদের সঙ্গে তাঁর কখনো দেখা বা পরিচয় হয়নি, তাঁরাই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন, সমর্থন জানিয়েছেন। সাবা লিখেছেন, এসব মানুষ ইনবক্সে এসে জানিয়েছেন, তাঁর কথা তাঁদের সাহস জোগায়।
এবারের জন্মদিনে সেই ভালোবাসা আরও প্রবলভাবে ফিরে এসেছে। বন্ধু, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় সাবা অভিভূত। নিজেকে মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে পরিচয় দিয়ে তিনি জানিয়েছেন, মুক্তিযুদ্ধ আর বাংলাদেশের প্রতি তাঁর ভালোবাসা অটুট, আর এই বিশ্বাস থেকে কেউ তাঁকে টলাতে পারবে না।
তবে এই আনন্দের মাঝেও একটা আক্ষেপের কথা অকপটে জানিয়েছেন অভিনেত্রী। পাখির মতো মুক্তভাবে পৃথিবী ঘুরে বেড়াতে না পারার আক্ষেপ তাঁর মনে রয়ে গেছে।
প্রসঙ্গত, সোহানা সাবা দীর্ঘদিন ধরে নৃত্যচর্চার সঙ্গে যুক্ত। বুলবুল ললিতকলা একাডেমি ও ছায়ানটে প্রায় চৌদ্দ বছর ধরে ধ্রুপদি নৃত্যের তালিম নিয়েছেন তিনি। চলচ্চিত্রে তাঁর যাত্রা শুরু কবেরীর ‘আয়না’ দিয়ে, আর তাঁর প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা মোরশেদুল ইসলামের ‘খেলাঘর’।
শিল্পীদের স্পষ্টবাদী অবস্থান আর ভক্তদের প্রতিক্রিয়া নিয়ে সাবার এই পোস্ট নতুন করে আলোচনা তৈরি করেছে। জন্মদিনের শুভেচ্ছার ভিড়ে তাঁর এই আত্মকথন অনুরাগীদের কাছে যেমন আবেগের, তেমনি ভাবনারও।
