ভিডিও গেম থেকে নির্মিত সিনেমা এখন হলিউডের অন্যতম সফল ধারা। ‘আ মাইনক্রাফট মুভি’, ‘দ্য সুপার মারিও ব্রোস. মুভি’, ‘রেসিডেন্ট ইভিল’ আর ‘ফাইভ নাইটস অ্যাট ফ্রেডিস’ এরই প্রমাণ। এই ধারাবাহিকতায় এবার বড় পর্দায় আসছে গেমিং দুনিয়ার কিংবদন্তি ‘স্ট্রিট ফাইটার’। আর সুখবর হলো, আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশের দর্শকরাও দেখতে পাবেন সিনেমাটি।
ক্যাপকমের জনপ্রিয় হ্যান্ড-টু-হ্যান্ড কমব্যাট গেম ‘স্ট্রিট ফাইটার’ অবলম্বনে নির্মিত সিনেমাটি ১৬ অক্টোবর আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে অ্যাকশন ও মার্শাল আর্টভিত্তিক এই সিনেমা। অর্থাৎ বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ঢাকার দর্শকরাও প্রথম দিনেই হলে বসে উপভোগ করতে পারবেন এই অ্যাকশন উৎসব।
১৯৯৪ সালে কাইলি মিনোগ ও জঁ ক্লদ ভ্যান ড্যাম অভিনীত সংস্করণের পর এটাই ‘স্ট্রিট ফাইটার’-এর নতুন রূপায়ণ। তিন দশক পর গেমের প্রিয় চরিত্রগুলো ফিরছে একেবারে নতুন আঙ্গিকে। এতে অভিনয় করেছেন নোয়া সেন্টিনিও ও অ্যান্ড্রু কোজি। সবুজ চামড়ার ‘ব্ল্যাঙ্কা’ চরিত্রে দেখা যাবে জেসন মোমোয়াকে। সিনেমাটি পরিচালনা করেছেন ‘ব্যাড ট্রিপ’ ও ‘দ্য এরিক আন্দ্রে শো’ খ্যাত কিতাও সাকুরাই।
গেমভিত্তিক সিনেমা নিয়ে দর্শকদের একটা সাধারণ অভিযোগ থাকে, গেমের আত্মা ধরে রাখা যায় না। তবে এই সিনেমার ক্ষেত্রে নির্মাতাকে দেওয়া হয়েছিল স্বাধীনতা। সাকুরাই জানিয়েছেন, প্রচলিত ভিডিও গেমভিত্তিক চলচ্চিত্রের মতো নয়, নিজস্ব শৈলীতে কিছু করার সুযোগ তিনি পেয়েছেন। এই স্বাধীনতাই সিনেমাটিকে আলাদা করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সিনেমাটির গল্পে আছে কারাতে, কুংফুসহ নানা ধরনের ফাইটিং স্টাইল, শক্তিশালী যোদ্ধাদের দ্বন্দ্ব আর বিশ্বকে ঘিরে ষড়যন্ত্র। গেমের পরিচিত চরিত্রগুলোকে বড় পর্দায় জীবন্ত করে তোলাই এই ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে বড় আকর্ষণ। বিশেষ করে রিউ, চুন লির মতো চরিত্রের ভক্তদের কাছে সিনেমাটি বেশ আকর্ষণীয় হবে বলে আশা করা হচ্ছে।
তারকা সমাবেশও সিনেমাটির বড় চমক। জেসন মোমোয়া, নোয়া সেন্টিনিওর পাশাপাশি আছেন ডব্লিউডব্লিউই তারকা রোমান রেইন্স। আর ভারতীয় দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ, দেশটির জনপ্রিয় অ্যাকশন তারকা বিদ্যুৎ জামওয়াল। ‘স্ট্রিট ফাইটার’-এর বিখ্যাত চরিত্র ধালসিমের ভূমিকায় দেখা যাবে তাকে।
বাংলাদেশের প্রেক্ষাগৃহে হলিউডের বড় বাজেটের সিনেমা মুক্তি এখন নিয়মিত ঘটনা। স্টার সিনেপ্লেক্সসহ দেশের মাল্টিপ্লেক্সগুলোতে আন্তর্জাতিক সিনেমার দর্শক বাড়ছে। একই দিনে বিশ্বের সঙ্গে মুক্তি পাওয়ায় স্পয়লারের ভয়ও থাকছে না দর্শকদের। গেমের ভক্ত আর অ্যাকশনপ্রেমী, দুই ধরনের দর্শকের জন্যই ১৬ অক্টোবরটা হতে যাচ্ছে বিশেষ এক দিন।
