বিনোদন ঝলক
তারকা

কত কোটি টাকার মালিক টাইগার শ্রফ? সম্পদের হিসাবে চমকে যাবেন

বিনোদন ঝলক ডেস্ক২০ অক্টোবর ২০২৬3 মিনিটে পড়ুন
কত কোটি টাকার মালিক টাইগার শ্রফ? সম্পদের হিসাবে চমকে যাবেন

বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর হামলার ঘটনায় হতবাক তাঁর ভক্ত-অনুরাগীরা। গত ১৮ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে মুম্বাইয়ের জুহুর পুষ্পা নারসি পার্কের কাছে তাঁকে বহনকারী গাড়ি লক্ষ্য করে অজ্ঞাত ব্যক্তিরা একাধিক গুলি চালায়। এ ঘটনায় টাইগারসহ আরও দুজন আহত হন। হামলার এই ঘটনার পর আলোচনায় উঠে এসেছেন এই অভিনেতা, তাঁকে নিয়ে চলছে নানা চর্চা। এর মধ্যে একটি হলো, কত টাকার মালিক তিনি।

তবে আশার কথা হলো, টাইগার নিরাপদ ও সুস্থ রয়েছেন, তাঁর শরীরে গুলির আঘাত লাগেনি। এ ঘটনার সঙ্গে লরেন্স বিষ্ণোই গ্যাং যুক্ত রয়েছে বলে অভিযোগ উঠেছে। অনিল পণ্ডিত ও হারমান সান্ধু এই হামলার দায় স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

২০১৪ সালে হিরোপান্তি সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন টাইগার। এরপর তাঁকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। এক যুগের অভিনয় ক্যারিয়ারে ১৬টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। বড়পর্দায় অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন, ফিটনেস ভেঞ্চার ও আবাসন খাতে বিনিয়োগের মাধ্যমে অনেক অর্থ-সম্পদের মালিক হয়েছেন তিনি।

লাইফস্টাইল এশিয়া ও মানি মিন্টের হিসাব অনুযায়ী, টাইগার শ্রফের মোট সম্পদের পরিমাণ ২৪৮ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩২২ কোটি ৮৩ লাখ টাকা।

অভিনয়ই তাঁর আয়ের অন্যতম প্রধান উৎস। এশিয়ানেট নিউজের তথ্য অনুযায়ী, একটি সিনেমায় অভিনয়ের জন্য ২৫ থেকে ৩০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩২ থেকে ৩৯ কোটি টাকা) পারিশ্রমিক নিয়ে থাকেন তিনি। তবে সিনেমার ধরন, কাজের পরিধি এবং শুটিংয়ের সময়সূচির ওপর নির্ভর করে এই অঙ্কের পরিবর্তন হয়ে থাকে। টাইগার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে বাঘি সিরিজ, ওয়ার, স্টুডেন্ট অব দ্য ইয়ার টু ও সিংহম এগেন। বাঘি সিরিজ তাঁকে অ্যাকশন হিরো হিসেবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছে। পাশাপাশি তাঁর নাচের দক্ষতা ও মার্শাল আর্টের প্রশিক্ষণও পর্দায় অভিনয়ের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। বাণিজ্যিক ক্ষেত্রেও তাঁর জনপ্রিয়তার প্রতিফলন দেখা যায়। ২০১৮ ও ২০১৯ সালে ফোর্বস ইন্ডিয়ার সেলিব্রিটি ১০০ তালিকায় জায়গা করে নেন টাইগার।

টাইগারের আয়ের উৎস শুধু সিনেমায় অভিনয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। বিভিন্ন সংবাদমাধ্যমের হিসাব অনুযায়ী, একটি বিজ্ঞাপনী প্রচারের জন্য ৩ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৯১ লাখ টাকা) পারিশ্রমিক নিয়ে থাকেন তিনি। ২০১৮ সালে প্রাউ নামে একটি ফিটনেস ও লাইফস্টাইল ব্র্যান্ড চালু করেন টাইগার। ফিটনেসের পোশাক ও বিভিন্ন সরঞ্জাম বিক্রি করে থাকে ব্র্যান্ডটি। তাছাড়া এমএমএ ম্যাট্রিক্স নামে একটি জিম ও ফিটনেস সেন্টারের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। টাইগার শ্রফ ফিল্মস নামে তাঁর নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠানও রয়েছে।

আবাসন সম্পত্তির তালিকাও বেশ উল্লেখযোগ্য। লাইফস্টাইল এশিয়ার প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ের বান্দ্রায় তাঁর বাড়ির আনুমানিক মূল্য ২২.৫ কোটি রুপি। ২ হাজার ৫০০ বর্গফুটের এই বাড়িতে রয়েছে জিম, হোম থিয়েটার এবং একটি টেরেস। ২০২৪ সালের মার্চ মাসে পুনের হাদাপসরের ইয়ু পুনে আবাসন প্রকল্পে ৪ হাজার ২৪৮ বর্গফুটের একটি ফ্ল্যাট কেনেন তিনি, যার দাম পড়ে ৭.৫ কোটি রুপি। এই ফ্ল্যাট থেকে প্রতি মাসে সাড়ে ৩ লাখ রুপি ভাড়া পান তিনি। মুম্বাইয়ের খার ওয়েস্ট এলাকায় টাইগারের একটি অ্যাপার্টমেন্ট ছিল, যা ১৫.৬ কোটি রুপিতে বিক্রি করে দেন। পরে ওই এলাকার কাছাকাছি ৮ বেডরুমের বড় একটি অ্যাপার্টমেন্ট কেনেন এই তারকা।

সূত্র

ফেসবুকে শেয়ার এক্সে শেয়ার হোয়াটসঅ্যাপে শেয়ার