বিয়ের প্রস্তাবটা আসলে কে দিয়েছিলেন, বিজয় দেবরাকোন্ডা নাকি রাশমিকা মান্দানা? বিয়ের আট মাস পর অবশেষে সেই গল্প শোনালেন দক্ষিণি সিনেমার এই তারকা জুটি। করণ জোহরের ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমের প্রচারণামূলক ভিডিওতে মজার ছলে মুখ খুলেছেন দুজন, আর তাঁদের এই কথোপকথনের অংশটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে করণ জানতে চান, দুজনের মধ্যে বিয়ের প্রস্তাব দেওয়ার মতো কোনো ঘটনা ঘটেছিল কি না। রাশমিকা মাথা নেড়ে জানান, প্রচলিত অর্থে তেমন কিছু হয়নি। তখনই বিজয়ের স্বীকারোক্তি, একদিন রাশমিকা তাঁকে বলেছিলেন, ‘চলো, বিয়ে করি।’ বিজয় নাকি জবাব দিয়েছিলেন, ‘ঠিক আছে, তুমি তো আমাকে ১০০ বার এই কথা বলেছ।’ করণ অবাক হয়ে রাশমিকার কাছে জানতে চান, তিনি সত্যিই এতবার বিয়ের কথা তুলেছিলেন কি না। রাশমিকার উত্তর, ‘আমি পুরো এক বছর ধরে ওকে বিয়ের কথা বলেছি।’ শুনে মজা করে বিজয় বলেন, ‘আমি এতটাও খারাপ মানুষ নই।’
প্রচারণামূলক ভিডিওতে শুধু বিয়ের গল্পই ছিল না, ছিল তারকাদের খুনসুটিও। র্যাপিড ফায়ার পর্বে করণ রাশমিকাকে তাঁর ‘পুষ্পা’ ছবির সহশিল্পী আল্লু অর্জুন আর ‘অ্যানিমেল’ ছবির রণবীর কাপুরের মধ্যে একজনকে বেছে নিতে বলেন। রাশমিকা বেছে নেন আল্লু অর্জুনকে। এরপর বিজয়ের কাছে করণ জানতে চান, রাশমিকা ছাড়া আর কোন অভিনেত্রীর সঙ্গে পর্দায় তাঁর রসায়ন ভালো। বিজয় উত্তর দেওয়ার আগেই রাশমিকা বলে ওঠেন, ‘কেউ না।’ তখন বিজয়ের জবাব, বিয়ের প্রথম নিয়ম নাকি স্ত্রীর কথায় সম্মতি জানানো। এই কথায় হেসে ওঠেন রাশমিকা।
নবম মৌসুমের দ্বিতীয় পর্বে অতিথি হিসেবে হাজির হওয়ার কথা বিজয় ও রাশমিকার। মৌসুমের প্রথম পর্বে অতিথি ছিলেন সালমান খান, যিনি সেখানে বিয়ে না করার নিজের সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছিলেন। রাশমিকার জন্য এটি ‘কফি উইথ করণ’-এ প্রথম উপস্থিতি। বিজয় অবশ্য সপ্তম মৌসুমে এসেছিলেন তাঁর ‘লাইগার’ ছবির সহশিল্পী অনন্যা পান্ডের সঙ্গে। করণ জোহর ঘোষণা দিয়েছেন, নবম মৌসুমই হবে এই অনুষ্ঠানের শেষ মৌসুম।
পর্দার প্রেম থেকে বাস্তবের সংসার, এই জুটির গল্পটা বেশ পুরনো। ২০১৮ সালে তেলেগু ছবি ‘গীতা গোবিন্দম’-এ একসঙ্গে কাজ করতে গিয়ে তাঁদের রসায়ন দর্শকের নজর কাড়ে। পরের বছর ‘ডিয়ার কমরেড’ ছবিতেও জুটি বাঁধেন তাঁরা। দুই ছবির পর থেকেই ব্যক্তিগত সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়, তবে দীর্ঘদিন প্রকাশ্যে স্পষ্ট করে কিছু বলেননি কেউই। একসঙ্গে দেখা যাওয়া, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট আর পরোক্ষ মন্তব্য ঘিরে ভক্তদের আগ্রহ বাড়তেই থাকে। দুজনের নাম মিলিয়ে জুটির নামও হয়ে যায় ‘ভিরোশ’। শেষ পর্যন্ত ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন তাঁরা, ঘোষণা দেন বিয়ের।
২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে বিয়ে করেন বিজয় ও রাশমিকা। সকালে তেলেগু রীতিতে বিয়ের আয়োজন হয়, পরে রাশমিকার পরিবারের ঐতিহ্য অনুসারে কোডাভা রীতিতেও অনুষ্ঠান হয়। বিয়েতে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।
বাস্তব জীবনের পাশাপাশি পর্দায়ও একসঙ্গে ফিরেছেন এই জুটি। তাঁদের নতুন ছবি ‘রানাবালি’ মুক্তি পেয়েছে ১৬ অক্টোবর। রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত ঐতিহাসিক অ্যাকশনধর্মী ছবিটির পটভূমি ঊনবিংশ শতকের দক্ষিণ ভারত। বিজয় অভিনয় করেছেন নামভূমিকায়, আর রাশমিকা তাঁর স্ত্রীর চরিত্রে। এবার ‘কফি উইথ করণ’-এর নতুন পর্বে বিয়ের পর প্রথমবার একসঙ্গে হাজির হওয়ার ঘোষণায় ভক্তদের আগ্রহ আরও বাড়ল। প্রচারণামূলক ভিডিওর এই অংশ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর মজার মন্তব্যে ভরিয়ে দিচ্ছেন অনুরাগীরা।
